তিন দফায় পেছানোর পর ৩০ ডিসেম্বর হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। এর আগে শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, সানজামুল ইসলামের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারের। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন আরো চার বাংলাদেশি ক্রিকেটার।
গত মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহীর তালিকায় থাকা ‘রেড মার্কড’ ক্রিকেটারদের তারা নিলামের তালিকায় রাখবেন না। সেই ধারাবাহিকতায় সন্দেহের তালিকায় থাকা বিজয়-মোসাদ্দেকদের জায়গা হয়নি বিপিএলের নিলামের টেবিলে।
বিপিএলের খসড়া নিলামের তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন বিজয় ও মোসাদ্দেক। গত বিপিএলে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসে খেলা এই দুই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। তাদের সাথে নিলামের মূল তালিকা থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মনির হাসান খান ও নিহাদুজ্জামান।
তাদের বাদ পড়া নিয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এটা তো আসলে আমাদের বক্তব্য না, আমাদের সিদ্ধান্তও। ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শ অনুযায়ী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আমরা বলছি না ক্রিকেটাররা এমন কিছু করেছে। তবে তারা আপাতত সন্দেহের তালিকায় থাকায় নিলামের বাইরে।’
বিপিএলের গত মৌসুমে ঢালাওভাবে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফিক্সিংয়ের। সেসব অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তদন্তের পর ৯০০ পাতার একটি প্রতিবেদন দাখিল করে কমিটি। যেখানে বলা হয়, সব মিলিয়ে ১৮ থেকে ১৯ জন সন্দেহভাজনের নাম তারা পেয়েছেন, ক্রিকেটারের সংখ্যা সেখানে ৮ থেকে ১০ জন। যদিও কারো নামই তখন প্রকাশ করেনি বিসিবি।


