নরসিংদীতে আধিপত্যের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা, আহত ১০

নরসিংদীতে আধিপত্যের দ্বন্দ্বে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা, আহত ১০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার রাতে মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজন একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়া দলবল নিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালান।

আরও পড়ুন

হামলায় ছাত্রদল নেতা মাসুম মিয়া পেটে গুলিবিদ্ধ হন। বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও কয়েকজন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad