বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে।
শুক্রবার বিকালে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম, দক্ষ ও সক্ষম করে তোলে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে খেলাধুলায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, নিয়মিত অনুশীলন, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দল মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিলেট রেঞ্জ ১-০ গোলে চট্টগ্রাম রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে আইজিপি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। এ সময় অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিন মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মার্ট নির্মাণ করা হচ্ছে।


