রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার ভোরে খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)।
দগ্ধরা জানিয়েছেন, হোটেলের একটি এসি মেরামতের সময় সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে হোটেলের চার কর্মচারী দগ্ধ হন। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে গেছে। আব্দুল মতিন ও মাহিনের শরীরের ৫ শতাংশ করে এবং আব্দুল জলিলের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।
তিনি বলেন, ‘মনসুরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


