রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি বলেন, রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সে পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই সম্প্রীতির বন্ধন নষ্টের চেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


