জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমান খানকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে অসুস্থ বাবার শয্যাপাশে থাকা অবস্থায় অয়ন রহমান খানকে ডিবি পরিচয়দানকারী ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে তার পরিবার দাবি করেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, একজন সন্তান তার অসুস্থ বাবার পাশে থাকা অবস্থায় তাকে এভাবে নিয়ে যাওয়ার ঘটনা অমানবিক ও নাগরিক অধিকারের পরিপন্থী।
বিবৃতিতে জাতীয় যুবশক্তির প্রচার সম্পাদক জুবায়ের হোসাইন বলেন, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর উল্টো এনসিপি, জাতীয় যুবশক্তি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং রাজনৈতিক ভিন্নমত দমন, ভয়ভীতি সৃষ্টি এবং গণতান্ত্রিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার ধারাবাহিক অপচেষ্টার অংশ। ক্ষমতাসীন দল বিএনপি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক শক্তির কণ্ঠরোধের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
জাতীয় যুবশক্তি অবিলম্বে অয়ন রহমান খানের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ ছাড়া সংগঠনটি দেশবাসী, গণতান্ত্রিক শক্তি ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।


