ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীসহ মোট ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় সামন্তা বিওপির টহলরত বিজিবি সদস্যরা ঘটনাটি শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবির আরও জানায়, বর্তমানে ওই ছয় ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফকে জানানো হয়েছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


