কানাডার ক্যালগেরিতে স্নাতকোত্তর কাজের অনুমতি বা পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডাব্লিউপি) প্রত্যাখ্যানের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। শুক্রবার ক্যালগারির স্যাডলটাউন এলাকায় প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে এ প্রতিবাদ জানান তারা।
তাদের দাবি, কানাডায় তারা বৈধভাবে পড়াশোনা শেষ করেছেন, তাই এখানে কাজ করার সুযোগ পাওয়া তাদের ন্যায্য অধিকার। তাই কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, দুই বছর পড়াশোনা শেষ করার পর তাদের জানানো হয়েছে যে, তাদের ডিপ্লোমা একটি নন-ক্রেডিট প্রোগ্রাম, যা পিজিডাব্লিউপি-এর জন্য যোগ্য নয়।
তাদের অভিযোগ, ২০২৬ সালের জুন মাসে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ (আইআরসিসি)- এর ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়েছে। তবে দুই বছর আগে ভর্তি হওয়ার সময় তাদের জানানো হয়েছিল যে তাদের প্রোগ্রামটি ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য।
উল্লেখ্য, শিক্ষার্থীদের স্নাতকোত্তর কাজের অনুমতি প্রত্যাখ্যানের বিষয়ে আইআরসিসি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যে কোর্সে অধ্যয়ন করেছেন, সেটি পিজিডাব্লিউপি-এর জন্য যোগ্য নয়। কানাডায় পিজিডাব্লিউপি পাওয়ার যোগ্যতা নির্ভর করে শিক্ষার্থী কোন ধরনের প্রোগ্রামে পড়াশোনা করেছেন এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তার ওপর।


