স্বল্পবয়স্ক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ও বিয়ের দাবি নিয়ে আলোচনার মধ্যে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর কাকরাইলে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, ‘সহকর্মীদের বলব, ‘আপনাদের গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে যত্নশীল হতে হবে। সমাজে যে কথাটি প্রচলিত সাদা কাপড়ে দাগ লাগে–এটি ঠিক না, সাদা কাপড়ে দাগ কম লাগে; কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল।’
তিনি বলেন, ‘যুদ্ধটা শয়তানের সঙ্গে। তাই নফসের ধোঁকা ও শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদের ওপর প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহকে ভয় করতে হবে।’
জামায়াত আমির বলেন, মানবতার শুরু থেকে শয়তান মানুষের ক্ষতি করার চেষ্টা করে আসছে। বিশেষ করে যারা আল্লাহকে মানতে ও তাঁর বিধান অনুসরণ করতে চান, তাদের ক্ষেত্রে এই প্রলোভন বেশি কাজ করে।
‘আমাদের কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হবে। এর অর্থ হলো, আমিসহ দলের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’
দলের নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা জামায়াতের দিকে নজর রাখুন। আমাদের কোনো অপরাধ দেখলে ধরিয়ে দিন। আমরা তা সংশোধনের চেষ্টা করব।’
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রর কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সেটা সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু মাত্রটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না।’
জামায়াত ফেরেশতাদের দল নয়, এটিও জানান শফিকুর। তিনি বলেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’ অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না বলেও দাবি করেন তিনি।
ফেরেশতা ও মানুষের এই বক্তব্যের ব্যাখ্যা দেয় শফিকুর বলেন, ‘এটি দ্বারা আমরা বুঝাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ আমাদেরও ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়।’


