জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির চেক বিতরণ শুরু

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির চেক বিতরণ শুরু
শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ আবাসন বৃত্তির চেক বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে চেক হস্তান্তর করা হয়েছে। এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে নয় হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশেষ বৃত্তি কর্মসূচির আওতায় মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন ১৫তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) থেকে ২০তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) পর্যন্ত অধ্যয়নরত ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রোভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদল, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। দীর্ঘদিনের আবাসন সংকট বিবেচনায় নিয়ে বিশেষ বৃত্তির অর্থ দ্রুত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।

ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন বলেন, শিক্ষার্থীদের কাছে সময়মতো বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। অর্থ ও হিসাব দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যাতে বিতরণ প্রক্রিয়ায় কোনো জটিলতা না হয়। এই অর্থ শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাব্যয়ের চাপ কমাতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত বছর শিক্ষার্থীদের ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির পর সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবাসন সহায়তা হিসেবে ৫৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিশেষ ও সম্পূরক বৃত্তি কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad