জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কষ্টের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
রোববার সংসদে মাগরিব নামাজের বিরতির সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মেঘনা গ্যালারিতে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জুলাইযোদ্ধাদের অনেকেই তাদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্রী তাদের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন।
এর আগে এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফায় বিতর্ক, হইচই ও হট্টগোল হয়। কিছু সময়ের জন্য সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হ্যান্ড মাইকে বলেন, ‘সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে কারও বক্তব্য আমরা কেউ শুনতে পাইনি। কিছুক্ষণ পর আজান দেবে। সব মিলে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।
জানা গেছে, অধিবেশন চলাকালে সংসদে মেঘনা গ্যালারিতে জুলাইযোদ্ধাসহ শহীদ পরিবারের ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন।


