নদী ও পরিবেশ সংরক্ষণে কাজের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০২৫’ পেয়েছেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। তিনি নদী সুরক্ষা-বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পল্লীমা গ্রিনের চেয়ারম্যান আউয়াল কামরুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাট থেকে পচনশীল পলিথিন ‘সোনালি ব্যাগ’ আবিষ্কারক এবং ২০১৮ সালে পল্লীমা গ্রিন সম্মাননাপ্রাপ্ত মোবারক আহমদ খান, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মু. হাফিজুর রহমান ময়না, সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আবু হায়দার এবং পল্লীমা গ্রিনের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল কিমু।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নদী বাংলাদেশের প্রাণ। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বর্তমান সরকার নদী ও খাল পুনরুদ্ধারে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। পল্লীমা সংসদ ও পল্লীমা গ্রিনের মতো সামাজিক সংগঠনগুলো এবং শেখ রোকনের মতো গবেষকরা এগিয়ে এলে দেশের নদী, খাল ও পরিবেশ সুরক্ষা সহজ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুস্তাফিজ শফি বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই নদী রক্ষাকে নাগরিক দায়িত্ব হিসেবেই দেখতে হবে। পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
সম্মাননা গ্রহণের করে শেখ রোকন বলেন, পরিকল্পনাহীন উন্নয়ন, দখল ও দূষণের কারণে অনেক নদী হারিয়ে যাচ্ছে। শাসনব্যবস্থার দুর্বলতার কারণে নদীগুলো আজ বিপন্ন। নদী রক্ষা পেলে সমাজ ও রাষ্ট্রও রক্ষা পাবে।


