‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠানে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষে জাতীয় ঐকমত্য কমিশশের সদস্য বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার রাতে এ আমন্ত্রণ জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, এদিন রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বদিউল আলম মজুমদার। সেখানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
সেইসঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার।


