রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শনিবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মির্জা আব্বাস দেশের বাইরে অবস্থান করায় তারা ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা দলের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই মনোনয়ন চূড়ান্ত করবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর সব দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দলীয় সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ন্যস্ত করা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হলেও কাউকে চূড়ান্ত করা হয়নি। দলের চেয়ারম্যানই সময়োপযোগী বিবেচনায় রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণ করবেন। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী রাজনৈতিক কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে উপস্থিত নেতারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য ও সাংগঠনিক সক্ষমতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও মতবিনিময় হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad