ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, আরও যেসব অঞ্চলে বৃষ্টির আভাস

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, আরও যেসব অঞ্চলে বৃষ্টির আভাস
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকাসহ দেশের অন্তত ৯টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃষ্টি ও তীব্র যানজটে রাজধানীবাসীর জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বিশেষ করে সকালে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। রাস্তায় যানজটের পাশাপাশি গণপরিবহনের সংকট তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। অতিরিক্ত ভাড়া গুনে কর্মস্থলে যেতে হয়েছে।

বৃষ্টির কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই ভিজে স্কুল-কলেজে যেতে বাধ্য হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad