পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ পুলিশসহ নিহত ৪৭

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ পুলিশসহ নিহত ৪৭
পাকিস্তানের ম্যাপ
Advertisement
Advertisement

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষে কমপক্ষে ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। নিহতদের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা ডিএসপি পদমর্যাদার।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বুধবার গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে এক ডিএসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী আট সন্ত্রাসীকে হত্যা করে হামলাটি প্রতিহত করে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার জেলায় একাধিক অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। বেলুচিস্তানের নুশকি জেলায় পৃথক অভিযানে নিহত হয় আরও আট সন্ত্রাসী।

আরও পড়ুন

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় চলমান অভিযানে আরও চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানেও তল্লাশি চলছে।

পাকিস্তানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোয়াত একসময় জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি ছিল। ২০০৯ সালে সামরিক অভিযানের পর উপত্যকাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সরকার।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। ইসলামাবাদের দাবি, এসব হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad