জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তিন্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।
বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। রংপুর-কুড়িগ্রামে বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। এবারের বাজেটেও উত্তরাঞ্চলের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকরা উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষি উপকরণের দাম বাড়লেও সরকার কৃষকদের সমস্যার কার্যকর সমাধান করতে পারেনি। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের অধিকার ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই জাতীয় কৃষক শক্তির কার্যক্রম শুরু হচ্ছে।
সমাবেশ শেষে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও অন্যান্য জেলা নেতারা।


