দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন। এ অধিকার সংবিধানে স্পষ্টভাবে দেওয়া আছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকবেই। কেউ অবাঞ্ছিত ঘোষণা করতে পারে। মিছিল-মিটিংও হতে পারে। এগুলো রাজনীতির স্বাভাবিক অংশ।’


