রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে এক হেলপার মারা গেছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম ইউনিক বাসের হেলপার ছিলেন। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামের বাসিন্দা।
ইউনিক বাসের সুপারভাইজার মো. জাহিদুল ইসলাম জানান, সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে জনপদ মোড়ে বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।


