টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের প্রতিকূল পরিবেশে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এনসিপি বলেছে, গত ১২ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর পরীক্ষা স্থগিত ঘোষণা করলেও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নিবন্ধিত ১২ লাখের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা যথারীতি চলছে। শুধু আগেভাগে বের হওয়ার পরামর্শ বা ট্রাফিক নির্দেশনা দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় বলে মনে করে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, একজন শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার চেয়ে পরীক্ষার সময়সূচি রক্ষা কখনোই বড় হতে পারে না। সারাদেশ যখন বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত, তখন লাখো পরীক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে যেতে বাধ্য করা দায়িত্বশীল আচরণ নয়।
তিনি আরও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পরীক্ষার্থীদের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। তাই ভবিষ্যতে এইচএসসি ও সমমানের পরীক্ষা বর্ষা মৌসুমের পরিবর্তে অনুকূল সময়ে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্যথায় প্রতিবছর একই ধরনের অনিশ্চয়তা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে এবং তা পরীক্ষার প্রস্তুতি ও ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এনসিপি দুর্যোগপূর্ণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষা বোর্ডের অধীন চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়ে নতুন সময়সূচি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।


