ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে পৌর সদরের পন্থিছিলা বটতল এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এরপর সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই একের পর এক হতাহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন। আহতের সংখ্যা আমরা এখনো নিশ্চিত নই।’
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে আনা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।


