বরগুনার বামনা উপজেলায় কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাতের আঁধারে ফটকে শিকল বেঁধে তালা দিয়ে রাখার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে।
তালার সঙ্গে ‘সর্বাত্মক শাটডাউন’সফল করার আহ্বান জানানো কাগজও ফটকগুলোয় সেঁটে দেওয়া হয়েছে।
রোববার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা সভাপতি হাসিবুর রহমান তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ফটকের ছবি পোস্ট করেন।
তিনি লেখেন ‘১৬ এবং ১৭ নভেম্বর ‘‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’’র সমর্থনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’

এর আগে আরেক পোস্টে শাটডাউন কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা সরকারি কলেজের ফটকে তালা দেওয়া হয়েছে বলেও পোস্ট দেন তিনি।
বামনা থানার ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করেছেন তারা। এসব ঘটনা কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ এবং উচ্চ বিদ্যালয়টির পরিচালনা নিয়ে দ্বন্দ্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, সেই দ্বন্দ্বের জেরেও তালা দেওয়া হতে পারে। সবই খতিয়ে দেখা হচ্ছে।


