ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে ঘোষণার ৪১ বছর পর প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেয়েছে। রোববার দুপুরে শারমীন আক্তার জাহান নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নেন।
এদিন সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করার সময় আশুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ তাকে স্বাগত জানান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া একসময় কুমিল্লা জেলার অংশ ছিল। পরে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর এই প্রথমবার জেলার ডিসি হিসেবে একজন নারী যোগ দিলেন। জেলার প্রথম ডিসি ছিলেন মো. নিজাম উদ্দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে শারমীন আক্তারের বদলির আদেশ আসে। তিনি বিসিএস (প্রশাসন) ২৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি নড়াইল জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা আরেক প্রজ্ঞাপনে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। ২৪তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে যোগ দেন।


