প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।
ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গিয়ে দলের এই শীর্ষ নেতার সঙ্গে দেখা হয় শাহাদাত হোসেনের। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
শনিবার রাত ১টার দিকে নিজের ফেসবুক পাতায় তারেক রহমানের সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেন চসিক মেয়র।
সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে।’
পোস্টের লোকেশন হিসেবে উল্লেখ করেন লন্ডনের কিংস্টন এলাকার কথা।
প্রকাশিত ছবিতে দেখা যায়, তারেক রহমানের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার এক বছর উপলক্ষে প্রকাশিত একটি বই তুলে দিচ্ছেন শাহাদাত হোসেন।
এর আগে গত ৯ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান তিনি।
ওয়ান ইলেভেন পরবর্তী সংকটময় সময়ে মাঠে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক ছাত্রদল নেতা ডা. শাহাদাত হোসেন। সময়ের সঙ্গে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ ‘আস্থাভাজন’ হিসেবে বিএনপিতে পরিচিতি পান। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃত্বও দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আদালতের নির্দেশে ডা. শাহাদাত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পান।


