কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম রবি (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে উপজেলার গোলাপনগর বাগগাড়িপাড়া-সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে।
আহত শরিফুল মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী। তিনি বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মনিরুল সম্প্রতি একটি নতুন স্পিডবোট কেনেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বোটটি বিকল হয়। ঢাকা থেকে প্রকৌশলী এনে এতে নতুন ইঞ্জিন সংযোজন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষার জন্য স্পিডবোটটি পদ্মায় নামানো হয়।
এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা স্পিডবোট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি শরিফুলের বাঁ হাতের পেশি ভেদ করে বুকের বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়।
তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে তাকে ঢাকায় পাঠানো হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


