গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১২৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬৮৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ রোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


