মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেছেন, ‘পূর্বের সরকার দিল্লিতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গোপসাগরেও জায়গা পাবেন না।’
শনিবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রবিউল ইসলাম বলেন, ‘বিগত ১৭ বছর যে সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে পারেনি। রায় বাস্তবায়ন করে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনুন, নয়তো পূর্বের সরকার দিল্লিতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গোপসাগরেও জায়গা পাবেন না।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণরায় ও জনগণের ৭০ শতাংশ ভোটের মাধ্যমে এ দেশে ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু তারা এই রায় প্রত্যাখ্যান করেছে।’
সমাবেশে বক্তব্য দেন জেলা শুরা সদস্য আব্দুল মজিদ, আব্দুর রহমান, পৌর জামায়াতের আমির আহসানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল এবং বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তারা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান। পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে একই দিন বিকালে ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল সালামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


