এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা। সেই লক্ষ্য পূরণ করে স্বর্ণপদক জিততে চান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। জাপানে এশিয়ান গেমসের জন্য দল ভালো প্রস্তুতি নিয়েছে বলেও মনে করেন তিনি।
বুধবার দলের রওনা হওয়ার আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন। দীর্ঘদিন পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলায় দলের প্রস্তুতি আরও ভালো হয়েছে বলে জানান তিনি।
লিটন বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। অনেক দিন পর আমরা দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সর্বশেষ জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলাম। এরপর এই ম্যাচগুলো দল হিসেবে আমাদের বোঝাপড়া বাড়াতে সাহায্য করেছে। প্রস্তুতির দিক থেকে আমরা খুব ভালো অবস্থায় আছি।’
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন লিটন। জাতীয় দলের হয়ে এমন বড় বহু-ক্রীড়া আসরে অংশ নেওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
লিটন বলেন, ‘লক্ষ্য অবশ্যই ফাইনালে খেলা। আশা করি, সেখানে ভালো কিছু করতে পারব। এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলছি। জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক বড় ব্যাপার।’
এশিয়ান গেমস প্রতি বছর হয় না। তাই টুর্নামেন্ট ঘিরে দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি উচ্ছ্বাস রয়েছে। তবে লিটনের সবচেয়ে বড় লক্ষ্য স্বর্ণপদক।
তিনি বলেন, ‘সবাই খুব উত্তেজিত, কারণ এই টুর্নামেন্ট প্রতি বছর হয় না। সবচেয়ে বড় স্বপ্ন হলো স্বর্ণপদক জেতা। আমরা সবাই সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব।’
অলিম্পিকে ক্রিকেট ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন লিটন। তবে আপাতত এশিয়ান গেমসেই মনোযোগ দিতে চান তিনি।
লিটন বলেন, ‘কে অলিম্পিকে খেলতে চায় না? কিন্তু প্রথমে আমাদের এই টুর্নামেন্টে ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য হলো এখানে ভালো খেলে ফাইনালে পৌঁছানো।’
টুর্নামেন্টে ম্যাচ ধরে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক। লিটনের ভাষায়, ‘ক্রিকেটে আমরা সবসময় বলি ম্যাচ ধরে ধরে এগোব। আমরা সেভাবেই খেলব।’


