দেশে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত শনিবারের বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হামে আক্রান্ত মোট ৭৪৪ জন মৃত্যুবরণ করেছেন ও ৯৬ জনের ক্ষেত্রে হাম রোগের নিশ্চিত উপস্থিতি ছিল।
নতুন করে ৭৫১ জন সন্দেহজনক এবং ১২১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৯ জন সন্দেহজনক শনাক্ত রেকর্ড করা হয়েছে।
এছাড়া গত একদিনে দেশের বিভিন্ন স্থানে ৬৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৯,০৬১ জনে পৌঁছেছে এবং ল্যাব নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১৮০ জনে।
এই সময়ে হাসপাতালগুলোতে মোট ১১১,৬৭৪ জন আক্রান্ত রোগী ভর্তি হন, যার বিপরীতে চিকিৎসা সেবা শেষে ছাড়পত্র পেয়েছেন ১০৭,৩৯৭ জন।


