সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁ, দুজন নাটোর এবং একজন রাজশাহীর বাসিন্দা।
সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার দুপুরে রিয়াদের খোরদাম এলাকার একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। এতে ১৬ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর এবং নাটোরের শামিম, সাব্বির ও রাজশাহীর শ্যামল।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


