খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরীর ফরাজীপাড়ার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অনিন্দ্য কুমার দাস আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পর ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমরা জানি না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে জানা যাবে। এছাড়া অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


