সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন বাংলাদেশি কর্মী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহত প্রবাসীদের সবার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে।
রোববার দুপুরে কারখানায় আগুন লাগার পর রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪) , উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) ও পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

খবর পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গন্ডগোহালি গ্রামে যান।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি জানান, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।


