কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসিতে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ শিক্ষার্থী।
সোমবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর সব সূচকে ফলাফল সন্তোষজনক। গণিত ও ইংরেজির ফল আরও ভালো হলে পাসের হার বাড়ত।
ফলাফল বিবরণীতে জানা গেছে, এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এক লাখ ৪৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করে ৯৫ হাজার ৩৯৯জন। অকৃতকার্য হয় ৫১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী।
ফলাফলে ছেলেদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ৯৬৬ জন। মেয়েদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ৫ হাজার ৮৪৮ জন। এ বছর কুমিল্লা বোর্ডের ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শূন্যভাগ পাস করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
কুমিল্লা বোর্ডের ছয় জেলার মোট ১ হাজার ৮২৩টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
আরও পড়ুন>>>
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ফলাফল: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫


