জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও এর গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শুনানিতে আইনজীবীরা জানান, জনগণের বৈধতা সবচেয়ে বড়। সেই বৈধতা এই সরকারের আছে। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।
এর আগে, গত বছরের ডিসেম্বরে মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ।
আবেদনের স্বপক্ষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই, সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না।
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি।
গত ১৩ জানুয়ারি রিটের শুনানি নিয়ে আবেদনটি হাইকোর্ট সরাসরি খারিজ করে। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত বলে রায়ে উল্লেখ করা হয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান রিটকারী আইনজীবী।


