রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সম্মানে বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে এক সংবর্ধনার আয়োজন করেন।
এদিন দুপুর ১২টায় শুরু হওয়া সংবর্ধনায় রাষ্ট্রপতি খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে নিয়ে ‘মেরি ক্রিসমাস’ লেখা একটি কেক কাটেন, এ সময় একটি সাংস্কৃতিক দল বড়দিনের ক্যারল পরিবেশন করে।
সংবর্ধনায় আর্চবিশপ বিজয় নিসিফোরাস ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ফাদার আলবার্ট রোজারিও, রেভারেন্ড মার্থা দাস, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি মিশনের প্রতিনিধি এবং খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


