টানা ২২ বছর দায়িত্ব পালনের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী। বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।
একই দিন উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন নুর আহমদ আনোয়ারী। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
আনোয়ারী বলেন, ‘একটানা ২২ বছর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এ জন্য হোয়াইক্যংবাসীর প্রতি আমি কৃতজ্ঞ ও ঋণী। তারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ, নতুন এই যাত্রায়ও তারা আমার পাশে থাকবেন বলে আমি আশাবাদী।’
২০০৩ সালে প্রথমবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন নুর আহমদ আনোয়ারী। এরপর টানা চার মেয়াদে তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কক্সবাজার-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখা সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।


