পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে দেশের ১০টি অঞ্চলকে ‘সোনালি আঁশ’ পাটের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হাব স্থাপনের জন্য অঞ্চল নির্বাচনের কাজ চলছে। কুমিল্লাতেও একটি পাট হাব গড়ে তোলার কথা বলা হয়েছে।
বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কুমিল্লা উপকেন্দ্রে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় বক্তারা বলেন, কৃষিজমির পরিমাণ কমে গেলেও দেশের কৃষি উৎপাদন ও কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা।
কর্মশালায় বিনার উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষকদের জন্য বিভিন্ন সেবার বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা জানান, গত এক সপ্তাহ আগে বিনা ‘ফসল সুরক্ষা’ নামে একটি অ্যাপ প্লে স্টোরে উন্মুক্ত করেছে।
অ্যাপটির মাধ্যমে কৃষকরা ফসলের রোগ শনাক্ত করতে পারবেন। কোনো রোগাক্রান্ত গাছ বা ফলের ছবি অ্যাপটিতে দিলে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোগ শনাক্ত করে স্বয়ংক্রিয় ভয়েস মেসেজের মাধ্যমে তথ্য জানাবে।
এ ছাড়া আক্রান্ত ফসলের জন্য কোন ওষুধ ব্যবহার করতে হবে, কোথায় সেই ওষুধ পাওয়া যাবে এবং জৈব না রাসায়নিক—কোন পদ্ধতিতে ফসলের চিকিৎসা করা হবে, সে বিষয়েও অ্যাপটি পরামর্শ দেবে বলে কর্মশালায় জানানো হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পাট বাংলাদেশের অর্থনীতিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ফসল। পাটের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের ১০টি অঞ্চলে পাটের হাব গড়ে তোলার উদ্যোগ তারই অংশ। কুমিল্লাতেও এমন একটি হাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক মো. শরিফুল হক ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট বিভাগ) মো. লুৎফর রহমান মোল্যা, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদার, একই প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং বিনার কৃষি প্রকৌশল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মো. হানুজ্জামান।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমানসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।


