পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সোমবার রাত দশটার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
আগে বিকাল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।


