প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এসময় প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশ নেবে এই প্রতিনিধিদলটি।
প্রেস উইং জানায়, এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি তাদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগে আরও এগিয়ে যেতে বলেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ এবং প্রতিনিধিদলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের মাধ্যমে তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।
বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের প্রতিনিধিদলটি আগ্রহ প্রকাশ করলে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল হোসেন রাজু, বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


