রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপের’ এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম আপন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘কবজি কাটা গ্রুপের’ সক্রিয় সদস্য আপনকে গ্রেপ্তার করে।
এ সময় তার হেফাজত থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় পূর্বে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


