নেত্রকোণা সদর উপজেলার বড় কাইলাটি এলাকায় শনিবার ভোরে আগুন লেগে একটি খামারের ২৯টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়াও পুড়ে গেছে মাছ ও গবাদিপশুর বিপুল পরিমাণ খাবারসহ খামারে রাখা অন্যান্য মালামাল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বড়কাইলাটি প্রধান সড়কের পাশে ব্রাদার্স মালটিপারপাস ফার্মের গুদামে ভোরে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে মারা যায় খামারের ২৯টি ছাগল। খামারটিতে একই সঙ্গে গবাদিপশু লালনপালন ও মাছ চাষ করা হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন খামারের মালিক শাহ রফিকুর রহমান এপোলো।

এদিকে, একই এলাকায় অন্য একটি খড়ের মাচা ও একটি লাকড়ির ঘরেও প্রায় একই সময় আগুন লাগে। এতে এসব আগুনের ঘটনাকে নাশকতা বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমূল হক বলেন, ‘বিগত ৩০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। একই এলাকায় কাছাকাছি সময়ে তিনটি স্থানে আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। অপরাধী কেউ থাকলে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।


