মোটরের সুইচ চালু করতে গিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

মোটরের সুইচ চালু করতে গিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শনির আখড়া এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে বাড়ির মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনীতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভায়রা ভাই (নিহতের স্ত্রীর বোনের স্বামী) একেএম আব্দুল্লাহি বাকি জানান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে দেড় বছর আগে অবসর পান রেজাউল করিম। দুই ছেলের জনক তিনি। শনির আখড়ার ৩তলা নিজের বাড়িটিতেই থাকতেন।

তিনি জানান, রোববারের বৃষ্টিতে তার বাড়ির নিচ তলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি সেই পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে পানিতে অচেতন হয়ে পড়ে যান। সেই সময় তার সঙ্গে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad