রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে রাফা মনি নামে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত রাফা বাবা-মায়ের একমাত্র সন্তান। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে পরিবারটি ওই বস্তিতে বসবাস করে।
শিশুটির মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, কবির হোসেন নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়েই পরিবারে অশান্তি চলছিল।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল বলেন, খবর পেয়ে বুধবার রাতে কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে আছাড় মারার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


