কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার টিফিনের সময় স্কুলের বাথরুমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাথরুমে ছাত্রীকে একা পেয়ে শিক্ষক মোতালেব ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছাত্রীটি দৌড়ে বের হয়ে এক শিক্ষিকাকে বিষয়টি জানায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক ও স্থানীয় এক নেতা মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহেও বাধা দেওয়া হয়।
পরে খবর পেয়ে পুলিশ মধ্যরাতে শিক্ষক মোতালেবকে আটক করে। মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, গ্রেপ্তার শিক্ষক মোতালেবকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।


