জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই চার্টারের ভিত্তিতে গণভোট করা প্রয়োজন এবং এতে পিআরের (সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়টিও রাখা উচিত’। তিনি বলেন, ‘জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।’
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত জামায়াতের গণমিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। পাঁচ দফা দাবি জানিয়ে জামায়াতে ইসলামী এই গণমিছিল আয়োজন করে। এছাড়া একই দাবিতে সমমনা ইসলামী দলগুলো পৃথক মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘যদি জাতি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব রাজনৈতিক দলকে তা মেনে নিতে হবে। তবে, যদি জাতি পিআর বিরোধী রায় দেয়, তাহলে তা আমরা গ্রহণ করব।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘এখন প্রচারণা চলছে যে, জনগণ পিআর বোঝে না। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চান।’
তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে বিঘ্নিত করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে, আবারও বিতর্কিত নির্বাচন হবে।’
গোলাম পরওয়ার বলেন, ‘এক্ষেত্রে জামায়াতে ইসলামী তাদের দাবি জানিয়ে বলেছে, তারা দেশের উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচন চায়।’
ইসলামী আন্দোলন
এদিন দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে সমাবেশ করে ইসলামী আন্দোলন। দলটির মিছিলে নেতৃত্ব দেন আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অংশগ্রহণ করেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
মিছিলে আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান। এ পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণভোট দিন।
সমাবেশ শেষে দলটি পল্টন এলাকায় মিছিল করে।
বাংলাদেশে খেলাফত মজলিস
পাঁচ দফা দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘আমাদের যে সন্তানদের রক্তের উপর ক্ষমতার মসনদে বসে সরকার আজও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে পারেননি তা লজ্জাজনক।’
তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার আয়োজন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।’
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশ শেষে দলটি পল্টন এলাকায় মিছিল করে।
খেলাফত মজলিস
একই দাবিতে মিছিল ও সমাবেশে করেছে খেলাফত মজলিস। বায়তুল মোকাররমে উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে দলের মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই এর আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ছাড়া নির্বাচন দেশের মানুষ মানবে না। সমাবেশ শেষে খেলাফত মসলিস গণমিছিল করে।
এছাড়া, একই সময়ে খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মিছিল ও সমাবেশ করেছে।


