পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন: পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন: পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
Advertisement
Advertisement

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন লাগার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার ডিএমপির এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে অবশ্য কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। এতে কেবল ‘প্রশাসনিক কারণে’ শব্দযুগল ব্যবহার করা হয়েছে।

গত রাতে ঢাকার গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ঢাকায় দেশটির দূত ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। তাদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এই ঘটনায় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন ডিসি ফরহাদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি একটি কূটনৈতিক বাসভবন। তাই নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে পুলিশের প্রবেশের সুযোগ নেই। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিষয়ে ডিসি ফরহাদের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, ‘কেন তাকে সংযুক্ত করা হয়েছে বা তিনি গণমাধ্যমকে কী বলেছেন, সেটাও আমার জানা নেই। অফিসিয়ালি এ বিষয়ে কোনো কিছু জানানো হলে পরে জানানো হবে।’

চলতি বছরের ৫ জানুয়ারি সৈয়দ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad