বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কারও হস্তক্ষেপ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের হস্তক্ষেপ করার আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এখতিয়ার। তাদের কাজ করতে দেওয়া উচিত। কোনো সংস্থা তথা অ্যামনেস্টি হোক বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারও এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোয় অ্যামনেস্টিসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়ার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর।
শাপলা চত্বরের মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের তদন্ত চলমান রয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে আমরা অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করার জন্য বিচারের মুখোমুখি করব না।’
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে প্রত্যক্ষ ধারণা নেই বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কি না, তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন।’


