ছোটপর্দায় জুটি হিসেবে বেশ জনপ্রিয় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিন এবার তাদের নিয়ে একসঙ্গে তিনটি বড় বাজেটের নাটক নির্মাণ করছেন। তিন নাটক মিলিয়ে বাজেট কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
গত বছর সৌখিন পরিচালিত ‘মন দুয়ারী’ দিয়ে ব্যাপক সাড়া ফেলেন অপূর্ব-নীহা। পরে ‘মেঘবালিকা’ও দর্শকমহলে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে তাদের নতুন কাজ ‘মায়াপাখি’। নাটকটি ঘিরে ইতোমধ্যে দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো।
‘মায়াপাখি’র পর এই ত্রয়ী আসছে আরও দুটি ফিকশন নিয়ে— ‘দূরের মানুষ’ ও ‘ভালো আছো তো’। দুটিই নির্মিত হচ্ছে বড় পরিসরে, ভিন্ন ভিন্ন প্রেমের গল্পে। বর্তমানে কাজ দুটির শুটিং চলছে। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই সৌখিনের পরিচালনায় শুটিং শুরু করেছেন অপূর্ব। ঈদের পরবর্তী যে কোনো উৎসবে নাটক দুটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে ভালোবাসা দিবসে সৌখিন আনছেন জোভান ও নীহা অভিনীত ‘যে কথা হয়নি বলা’। পাশাপাশি চলতি বছরে তার আরও দুটি প্রজেক্ট— ‘পথে হলো দেখা’ ও ‘বন্ধু চিরকাল’ নির্মাণের কথা রয়েছে।
জাকারিয়া সৌখিন বলেন, অপূর্ব ও নীহার সঙ্গে কাজ করা সবসময়ই আলাদা অভিজ্ঞতা। দর্শক তাদের রসায়ন আগেও পছন্দ করেছেন। নতুন তিনটি নাটকে গল্প ও চরিত্রে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন, যাতে দর্শক পরিচিত জুটিকে নতুনভাবে দেখতে পারেন।


