সড়ক দুর্ঘটনায় শেরপুরে নির্বাচনী দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রোকনুজ্জামান (৩০) ও মাহফুজা বেগম (২০)। সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় তারা নিহত হন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
নিহত রোকনুজ্জামান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। অপর নিহত মাহফুজা বেগম (২০) জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. নিরব মিয়ার স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা জামালপুর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় শেরপুরে যাচ্ছিলেন। শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দিলে তাতে থাকা আরোহীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান ও মাহফুজা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


