বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের আটকের ঘটনাকে সাজানো নাটক বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতকে বিতর্কিত করতেই এ ঘটনা সাজানো হয়েছে।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে দুই ব্যাগভর্তি নগদ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়। সেসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্যবসার কাজে এসব টাকা পরিবহণ করছিলেন তিনি।
এ বিষয়ে এহসানুল মাহবুব বলেন, ‘তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে, “আমি আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে।” এজন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ ব্যবসা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন।’
এয়ারপোর্টের মতো এলাকায় যেখানে জনসাধারণের চলাচল সীমিত সেখানে টাকা আটকের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন এহসানুল।
তিনি বলেন, এই টাকা পরিবহনের বিভিন্ন অর্থ বের করা হচ্ছে, সংবাদ প্রকাশ করা হচ্ছে।
এসব খবরে ঠাকুরগাঁও জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এহসানুল বলেন, ‘আমরা খুবই দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী তার নীতি নির্ধারণ তার কর্মপদ্ধতি, কর্মপন্থা এবং তার সাংগঠনিক কার্যক্রম সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করে। জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতেও হয়েছে।’


